কুমার এবং দেবী সিং যে অরণ্যে বসেছিলেন, আর যেখানে সেই সিপাইটিকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল, সে জায়গাটা ছিল অত্যন্ত নিবিড়। সহসা কারও পক্ষে সেখানে এসে পড়া সম্ভব ছিল না। তেজ সিং চলে যাওয়ার পর কুমার আর দেবী সিং একটি পরিষ্কার শিলাখণ্ডের ওপর বসে কথাবার্তা বলছিলেন। ভোর তখন হয়-হয়। ঠিক এমনি সময়ে পূর্ব দিক থেকে কেউ একটি ছোট পাথর ছুঁড়ল, যা এসে পড়ল কুমারের পাশে। দুজনেই সবিস্ময়ে সেদিকে তাকালেন। আরও একটি পাথর উড়ে এল, কিন্তু এবারও কারও গায়ে লাগল না। দেবী সিং চেঁচিয়ে উঠলেন, “কে ওখানে লুকিয়ে লুকিয়ে পাথর ছুঁড়ছিস? সামনে আসছিস না কেন?”
উত্তর ভেসে এল, “যে শৃগাল সিংহের মতো গর্জন করে, তাকে দূর থেকেই ঢিল ছুঁড়ে মারা হয়!”
এই কথা শুনে কুমার ক্রোধে জ্বলে উঠলেন; সঙ্গে সঙ্গে তরবারির বাঁটে হাত দিয়ে উঠে দাঁড়ালেন। দেবী সিং তাঁর হাত চেপে ধরে বললেন, “আপনি কেন মিছিমিছি ক্রোধ করছেন? আমি এক্ষুনি গিয়ে ওই পাজিটাকে ধরে আনছি। এমন কী হনু রে সে?”
এই বলে যেদিক থেকে গলার স্বর ভেসে এসেছিল, দেবী সিং সেদিকেই এগিয়ে গেলেন। তিনি এগোতেই আরও একটি পাথর উড়ে এল। সেটা দেখে দেবী সিং আরও দ্রুত পা চালালেন। একটি লোককে আবছা দেখা গেল, কিন্তু ঘন গাছপালার আড়ালে আর জমাট অন্ধকারে তার মুখ চেনা গেল না। দেবী সিংকে নিজের দিকে আসতে দেখে সে আরও একটি পাথর ছুঁড়ে দিল এবং দৌড় লাগাল। দেবী সিংও তার পিছু নিলেন, কিন্তু লোকটি শিয়ালের মতো বারবার এদিক-ওদিক মোড় ঘুরে সেই ঘন গাছপালার মধ্যেই মিলিয়ে গেল। দেবী সিংও চারিদিকে তাকে অনেক খুঁজলেন। খুঁজতে খুঁজতে ভোর হল, দিনের আলো ফুটে উঠল—চারিদিক স্পষ্ট দেখা গেলেও লোকটির কোনও চিহ্ন কোথাও পাওয়া গেল না।
অবশেষে নিরুপায় হয়ে দেবী সিং সেই জায়গায় ফিরে এলেন যেখানে তিনি কুমারকে ছেড়ে গিয়েছিলেন। এসে দেখলেন—কুমার সেখানে নেই। চারিদিকে চোখ বোলালেন—কোথাও কোনও চিহ্নমাত্র নেই। যেখানে সিপাইটিকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল, সেখানে গিয়ে দেখলেন—সিপাইটিও উধাও।
আতঙ্কে দেবী সিঙের প্রাণ উড়ে যাওয়ার জোগাড় হল। তাঁর চোখ জলে ভরে এল। সেই শিলাখণ্ডের ওপরেই বসে মাথায় হাত দিয়ে তিনি ভাবতে লাগলেন—এখন কী করবেন, কোথায় খুঁজবেন, কোন দিকে যাবেন? তিনি যদি এখন খুঁজতে খুঁজতে দূরে কোথাও চলে যান, আর ইতিমধ্যে তেজ সিং ফিরে এসে কাউকে না দেখেন, তাহলে তাঁর কী অবস্থা হবে?
এই সব ভেবেচিন্তে, দেবী সিং আরও কিছুক্ষণ এদিক-ওদিক খোঁজাখুঁজি করে, অবশেষে তেজ সিঙের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়ে সেই জায়গাতেই ফিরে এলেন। এরপরও দেবী সিং বহুবার উঠে গিয়ে চারিদিকে বারবার খুঁজে এলেন, কিন্তু কোনও ফল হল না।
© 2026 Matribhasa Bangla. Public Domain
Comments (0)
Log in to join the conversation.