সত্যানন্দ কথাবার্তা সমাপনান্তে মহেন্দ্রের সহিত সেই মঠস্থ দেবলয়াভ্যন্তরে, যেখানে সেই অপূর্ব শোভাময় প্রকাণ্ডাকার চতুর্ভুজ মূর্তি বিরাজিত, তথায় প্রবেশ করিলেন। সেখানে তখন অপূর্ব শোভা। রজত, স্বর্ণ ও রত্নে রঞ্জিত বহুবিধ প্রদীপে মন্দির আলোকিত হইয়াছে। রাশি রাশি পুষ্প স্তূপাকারে শোভা করিয়া মন্দির আমোদিত করিতেছিল। মন্দিরে আর একজন উপবেশন করিয়া মৃদু মৃদু “হরে মুরারে” শব্দ করিতেছিল। সত্যানন্দ মন্দিরমধ্যে প্রবেশ করিবামাত্র সে গাত্রোত্থান করিয়া প্রণাম করিল। ব্রহ্মচারী জিজ্ঞাসা করিলেন, “তুমি দীক্ষিত হইবে?”
সে বলিল, “আমাকে দয়া করুন।”
তখন তাহাকে ও মহেন্দ্রকে সম্বোধন করিয়া সত্যানন্দ বলিলেন, “তোমরা যথাবিধি স্নাত, সংযত এবং অনশন আছ ত?”
উত্তর। আছি।
স। তোমরা এই ভগবৎসাক্ষাৎ প্রতিজ্ঞা কর। সন্তানধর্মের নিয়মসকল পালন
করিবে?
উভয়ে। করিব।
স। যত দিন না মাতার উদ্ধার হয়, তত দিন গৃহধর্ম পরিত্যাগ করিবে?
উভ। করিব।
স। মাতা পিতা ত্যাগ করিবে?
উভ। করিব।
স। ভ্রাতা, ভগিনী?
উভ। ত্যাগ করিব।
স। দারাসুত?
উভ। ত্যাগ করিব।
স। আত্মীয় স্বজন? দাস দাসী?
উভ। সকলই ত্যাগ করিলাম।
স। ধন–সম্পদ–ভোগ?
উভ। সকলই পরিত্যাজ্য হইল।
স। ইন্দ্রিয় জয় করিবে? স্ত্রীলোকের সঙ্গে কখন একাসনে বসিবে না?
উভ। বসিব না। ইন্দ্রিয় জয় করিব।
স। ভগবৎসাক্ষাৎকার প্রতিজ্ঞা কর, আপনার জন্য বা স্বজনের জন্য অর্থোপার্জন
করিবে না? যাহা উপার্জন করিবে, তাহা বৈষ্ণব ধনাগারে দিবে?
উভ। দিব।
স। সনাতন ধর্মের জন্য স্বয়ং অস্ত্র ধরিয়া যুদ্ধ করিবে?
উভ। করিব।
© 2026 Matribhasa Bangla. Public Domain
Comments (0)
Log in to join the conversation.